জওয়ানদের হামলার আশঙ্কায় তৌহিদের জন্য বিশেষ নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জওয়ানদের হামলার শিকার হতে পারেন এ আশঙ্কায় বিডিআরের সেই ‘স্বঘোষিত মহাপরিচালক’ তৌহিদুল আলমকে গতকাল আদালতে বিশেষ নিরাপত্তা দিয়ে রাখা হয়। কোনো জওয়ানকে তাঁর কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। মামলার সাক্ষ্য গ্রহণের চেয়ে এ ঘটনাটিই বেশি আলোচিত হয়।পিলখানা হত্যা মামলার বিচারের জন্য বকশীবাজারের মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে নয়টায়। মাঝে দুই দফা বিরতির পর আদালতের কার্যক্রম চলে বিকেল পাঁচটা পর্যন্ত। আদালতের বিচারক জহুরুল হক ২৩ এপ্রিল পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন।আসামিপক্ষের কয়েকজন আইনজীবী প্রথম আলোকে বলেন, গতকাল আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে থেকে বাড়তি নিরাপত্তা লক্ষ করেন তাঁরা। বিচারকাজ শুরু হলে দেখতে পান, বিডিআর হত্যাকাণ্ডের প্রধান আসামি ডিএডি তৌহিদুল আলমকে আলাদা করে রাখা হয়েছে। একটু দূরে রাখা হয়েছে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টুকে। আদালতের ভেতরে আসামি ও আইনজীবীদের বসার স্থানের মাঝখানে লোহার ঘেরা একটি জায়গা রয়েছে। সেখানে একটি চেয়ারে বসিয়ে রাখা হয় তৌহিদুল আলমকে। এ কারণ জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, তৌহিদুল আলম সাধারণ বিডিআর জওয়ানের হামলার শিকার হতে পারেন এমন আগাম সতর্ক বার্তা দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। এ কারণে তাঁকে আলাদা করে রাখা হয়েছে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন ডিএডি তৌহিদুল আলম। তাঁর নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যমুনায় যায়। বিদ্রোহের সময় তৌহিদ নিজেকে বিডিআরের মহাপরিচালক বলেও ঘোষণা করেছিলেন। বিডিআর বিদ্রোহের একাধিক আসামির আইনজীবী ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, জওয়ানেরা অভিযোগ করছেন, বিডিআর বিদ্রোহের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় বৈঠক করেছিলেন তৌহিদুল আলমসহ ১৪ জন। ওই বৈঠকে বিদ্রোহী জওয়ানদের ক্ষমা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সে ক্ষমার কোনো গেজেট সেদিন প্রকাশ করা হয়নি। জওয়ানেরা মনে করেন, ওই দিন ক্ষমার গেজেট হলে আজ তাঁদের বিচারের মুখোমুখি হতে হতো না। এর সব দায় তৌহিদুল আলমের বলেই মনে করেন জওয়ানেরা।বিশেষ আদালতে গতকাল থেকে চালু হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা। এ জন্য আদালতের সব জানালা ও দরজা বন্ধ রাখা হচ্ছে। তবে সকাল থেকেই বিশেষ আদালতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। র‌্যাব ও পুলিশের সদস্যরা চারদিক থেকে আদালত চত্বর ঘিরে রাখেন। একইভাবে কড়া নিরাপত্তায় আসামিদের কারাগারে নেওয়া হয়। গতকাল আদালতের কার্যক্রম শুরু হলে প্রথম সাক্ষ্য দেন হাবিলদার আবদুল জলিল। তিনি আদালতে ১২ জনকে অভিযুক্ত করে বলেন, বিদ্রোহের সময় এঁরা সবাই সশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এরপর সাক্ষ্য দেন ল্যান্স নায়েক আবদুর রহমান। তাঁকে জেরা করার সময় আদালতের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এক আইনজীবী। বিচারক বলেন, জেরা করতে গিয়ে অন্য আসামিকে তিনি জড়িয়ে ফেলছেন। এভাবে জেরা করলে সেটা আসামির বিপক্ষে যাবে। এ নিয়ে আদালতের সঙ্গে তর্ক শুরু করেন এক আইনজীবী। পরে আসামিপক্ষের অন্য আইনজীবীরা এসে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি শান্ত করেন। জলিলের পরে আরও পাঁচজন সাক্ষ্য দেন।আদালতে আসামিপক্ষের আইনজীবীর মধ্যে ছিলেন: আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, ফারুক আহমেদ, রমজান আলী, শামীম সরদার প্রমুখ। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে ছিলেন মোশাররফ হোসেন, গাজী জিল্লুর রহমান, বাহারুল ইসলাম, হাবিবুর রহমান, আমিনুর রহমান, লাইজু বেগম, শাহানা বেগম প্রমুখ।