জকিগঞ্জ পৌর শহরে ১৪৪ ধারা জারি
সিলেটের জকিগঞ্জ পৌর শহরে গতকাল শুক্রবার ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে শহরের ডাকবাংলো প্রাঙ্গণে জাতীয় পার্টির (জাপা) অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির দুটি পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করে। এ পরিপ্রেক্ষিতে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।
জাতীয় পার্টি সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক হেলাল আহমদ লস্কর-সমর্থিত উপজেলা যুব সংহতির আহ্বায়ক জালাল আহমদ ও সদস্যসচিব তাজুল ইসলাম গতকাল বেলা দুইটায় ডাকবাংলো প্রাঙ্গণে সমাবেশ আহ্বান করেন। তাঁদের সমাবেশ আহ্বানের পর জাপার কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাব্বীর আহমদ-সমর্থিত যুব সংহতি নেতা আবদুর রাজ্জাক ও আবদুছ ছোবহান একই সময় পাল্টা সমাবেশের ডাক দেন। দুপক্ষের সমাবেশ আহ্বানে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় উপজেলা প্রশাসন পৌর শহরে শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খিসা প্রথম আলোকে জানান, পাল্টাপাল্টি সমাবেশের কারণে উত্তেজনা দেখা দেয়। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়।