জকিগঞ্জে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরি ইউনিয়নের আমলসীদ গ্রামে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। তবে দুর্বৃত্তদের কাউকে এখনো গ্রেপ্তার বা শনাক্ত করতে পারেনি পুলিশ। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত মন্দিরের তালা ভেঙে সাতটি প্রতিমার নাক ও মুখ ভাঙচুর করে। রোববার সকালে লোকজন মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পায়। এ ঘটনায় রোববার রাতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিভাকর দেশমুখ অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে জকিগঞ্জ থানায় মামলা করেন। জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে একটি অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এদিকে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিসের (এইচআরসিবিএম) সিলেট জেলা সভাপতি দিলীপ কুমার দাশ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকেশ রায়। এক বিবৃতিতে তাঁরা অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার ও প্রতিমা ভাঙচুরের ক্ষতিপূরণ সরকারিভাবে দেওয়ার দাবি জানান।