জকিগঞ্জে গৃহবধূর চুল কর্তন, গ্রেপ্তার ২
গৃহবধূর ঘরে ঢুকে শ্লীতাহানির চেষ্টা করেছিলেন প্রতিবেশী এক যুবক। তাঁর বড় ভাইয়ের কাছে এ ঘটনার বিচার চাওয়ায় দুই ভাই মিলে উল্টো গৃহবধূকে দোষী সাব্যস্ত করে তাঁর মাথার চুল কেটে দিয়েছেন। গত শুক্রবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে এ ঘটনা ঘটেছে। নির্যাতিতা গৃহবধূ জকিগঞ্জ থানায় মামলা করলে পুলিশ রাতেই অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে।ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে পুলিশ জানায়, তাঁর স্বামী প্রবাসে থাকেন। এই সুযোগে গত শুক্রবার ভোরে প্রতিবেশী আনোয়ার হোসেন গৃহবধূর ঘরে ঢুকে তাঁর শ্লীতাহানির চেষ্টা করেন। পরে গৃহবধূ এ ঘটনার বিচার দেন আনোয়ারের বড় ভাই হারুন মিয়ার কাছে। দুপুরে বিচার করার নামে হারুন এ ঘটনার জন্য ওই গৃহবধূকে দোষারোপ করে কাঁচি দিয়ে তাঁর মাথার একাংশের চুল কেটে দেন। এ সময় হারুনকে বাধা দিতে গৃহবধূর মা এগিয়ে এলে আনোয়ার ও হারুন তাঁকে মারধর করে বিদায় করে দেন।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন কুমার দেবনাথ জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করে আটক আনোয়ার ও হারুনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।