জকিগঞ্জে ছুরিকাঘাতে কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম ফারুক আহমদ (৫০)।
তিনি সিলেট জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে নিরীক্ষক পদে কর্মরত ছিলেন। গতকাল শনিবার দুপুরে জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের চিনিরচক গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় নিহত ফারুকের আরও তিন আত্মীয় আহত হয়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, চিনিরচক গ্রামে জমির মালিকানা নিয়ে ওই গ্রামের কিছু লোকের সঙ্গে ফারুকের পরিবারের বিরোধ ছিল। গতকাল উপজেলা ভূমি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে ওই জমি মাপজোখ করতে যান ফারুক আহমদ। এ সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। একপর্যায়ে তারা ফারুককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে ফারুক মারা যান।
জকিগঞ্জ থানার ওসি জমসেদ আলম গতকাল বিকেল পাঁচটায় জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হামলায় মুকুল আহমদ, আবদুল মুকিত ও আবদুর রউফ নামে ফারুকের তিন আত্মীয় আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।