জকিগঞ্জে দুই পক্ষে সংঘর্ষ, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম টিটল খিসা জানান, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, কালীগঞ্জ বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত বুধবার খলাদাফনিয়া ও খাসেরা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার সকালে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশত লোক আহত হয়। বেলা তিনটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা বলবৎ রাখার বিষয়টি মাইকযোগে প্রচার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া প্রথম আলোকে বলেন, দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে থাকলেও মধ্যবর্তী এলাকা কালীগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।