জকিগঞ্জে পাউবোর ৩৫ কোটি টাকার কাজ বন্ধ!
সিলেটের জকিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্যয়বহুল একটি সেচ প্রকল্পের কাজ ‘নিরাপত্তা’ না থাকায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সরবরাহকারী একটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে পাল্টাপাল্টি মামলা হয়। এ মামলার কারণে প্রকল্প এলাকায় নির্বিঘ্নে কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প এলাকা ছেড়ে চলে গেছে। পাউবো জানায়, সিলেট অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি প্রকল্প আপার সুরমা-কুশিয়ারা মহাপ্রকল্পের অধীন সিলেটের জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ পার্শ্ববর্তী রহিমপুরে ‘পাম্প হাউস’ স্থাপন প্রকল্প চলতি অর্থবছর থেকে শুরু হয়। ৩৫ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্পের কাজ ঢাকার ‘হাসান অ্যান্ড ব্রাদার্স’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান পায়। চলতি অর্থবছরে কাজ শুরু হলে বালু ও পাথর সরবরাহকারী হিসেবে পরিচিত একরাম উদ্দিন সুজা নামের এক ব্যক্তির সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সরবরাহকারীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। সরবরাহকারীও পাল্টা মামলা করেন। ঈদের ছুটির পর থেকে ওই প্রকল্প এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো লোকজন অবস্থান না করায় কাজ শুরু হয়নি।প্রকল্পের দায়িত্বে থাকা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী তাপস পুরকায়স্থ প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি আমাদের অবহিত করেছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তবে এ রকম পরিস্থিতি হলে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা দেবে।’জকিগঞ্জ থানার পুলিশ জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে প্রকল্প ব্যবস্থাপক এস এম মনিরউদ্দিন বাদী হয়ে গত ১৫ আগস্ট একরাম উদ্দিন সুজাসহ তিনজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। পুলিশ একরামকে গ্রেপ্তার করলে তিনি প্রায় দুই মাস কারাভোগ করে জামিনে বের হন। জামিনে মুক্তি পেয়ে একরাম ৬ নভেম্বর প্রকল্পের ব্যবস্থাপক মনির উদ্দিন ও জকিগঞ্জের সুলতানপুর ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীসহ আটজনকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা করেন। তাঁর দাবি, সোয়া দুই লাখ টাকার বালু-পাথর সরবরাহ করার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ওই টাকা না দিয়ে আত্মসাৎ করেছেন। একরামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরকারী মনির উদ্দিন জানান, গত বুধবার থেকে প্রকল্পের কাজ শুরুর প্রস্তুতি তাঁদের ছিল। চাঁদাবাজির মামলায় একরাম কারাভোগ করার ক্ষোভ থেকে পাল্টা মামলা করেন। দুটো মামলা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ তদন্ত করছেন। কিন্তু এ অবস্থায় নিরাপত্তা বিঘ্ন হতে পারে—এ ধারণায় প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে।একরামের মুঠোফোনে একাধিকবার কল করেও কথা বলা যায়নি। তবে দুটো মামলা তদন্তকারী জকিগঞ্জ থানার এসআই আবদুল হামিদ জানান, একরাম তাঁর অভিযোগের সঙ্গে কিছু কাগুজে প্রমাণও দিয়েছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে এসআই জানান, সরকারের একটি ব্যয়বহুল প্রকল্পের কাজ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে মামলা হয়েছে মাত্র। এ অবস্থায় প্রকল্প এলাকায় নিরাপত্তাহীন অবস্থার সৃষ্টি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলে প্রয়োজনে পুলিশি নিরাপত্তা দিয়ে কাজ চলমান রাখতে সহায়তা করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান নিরাপত্তা না থাকায় কাজ বন্ধ রাখার বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি একটি বড় প্রকল্প। নিরাপত্তা না থাকলে বড় প্রকল্পের কাজ মানসম্পন্নভাবে সমাপ্ত করা যাবে না। এ ছাড়া পুলিশি সহায়তা নিয়ে আমরা কাজ করব কেন? এ জন্য আপাতত কাজ বন্ধ রেখেছি।’