জকিগঞ্জে পুলিশের ওপর হামলা, দুই এসআই আহত
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে গতকাল বুধবার দুপুরে পুলিশের ওপর হামলা হয়েছে। একদল চোরাকারবারিকে ধরতে গিয়ে জকিগঞ্জ থানার দুজন উপপরিদর্শক (এসআই) মহাদেব বাড়ৈ ও আবুল বাশার তাঁদের হামলায় আহত হয়েছেন। পরে হামলাকারীদের ধরতে পুলিশ ওই বাজারে গিয়ে ব্যবসায়ীদের বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পিটুনিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল জকিগঞ্জের আটগ্রাম এলাকায় পুলিশ ভারতীয় পান ও ফেনসিডিলবোঝাই একটি গাড়িকে ধাওয়া করে। গাড়িটি পথে একটি রিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। কালীগঞ্জ বাজারে পৌঁছার পর পুলিশ গাড়িটি আটক করতে সক্ষম হয়। এ সময় গাড়ির মালিক দাবিদার সংঘবদ্ধ চোরাকারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের নিক্ষেপ করা এলোপাতাড়ি ইট ও পাথরের আঘাতে কর্তব্যরত ওই দুজন এসআই আহত হন। খবর পেয়ে জকিগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজন এসআইকে উদ্ধার করে। তাঁরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।