জকিগঞ্জে স্নাতক কোর্স চালুর দাবিতে মানববন্ধন
সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) ও ডিগ্রি কোর্স চালুর দাবিতে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদ গতকাল মঙ্গলবার কলেজের সামনে মানববন্ধন করেছে। গতকালে এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরাও অংশ নেন।
গতকাল দুপুরে আয়োজিত মানববন্ধনের পর ছাত্র ঐক্য পরিষদের নেতৃত্বে ছাত্রীদের নিয়ে বিক্ষোভ মিছিল হয়। এ কর্মসূচি শেষে পরিষদ আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি কলেজে স্নাতকসহ (সম্মান) ডিগ্রি কোর্স চালুর ঘোষণা দেওয়ার আহ্বান জানায়। অন্যথায় তারা ১৫ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীদের নিয়ে আমরণ অনশন যাবে বলে হুমকি দেয়।
গতকাল প্রায় আধা ঘণ্টা চলা মানববন্ধনে সরকারি কলেজসহ জকিগঞ্জ পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি কলেজের ছাত্রীরা অংশ নেন।
এ সময় সমাবেশে বক্তব্য দেন পরিষদের সভাপতি গুলজার আহমদ, সাধারণ সম্পাদক মোস্তফা জামান, প্রভাষক আল-মামুন, অপূর্ব সমাজকল্যাণ পরিষদের সভাপতি হোসেন আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র কামরুজ্জামান পাটোয়ারী, রাজনীতিবিদ মাসুদ আহমদ, শামীম আহমদ, সাংবাদিক এ টি এম ফয়সল প্রমুখ।