জকিগঞ্জে স্নাতক কোর্স চালুর দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ
সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) ও ডিগ্রি কোর্স চালু করার দাবিতে যানবাহন থামিয়ে পাঁচ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার সংগঠনটি এই কর্মসূচি পালন করে।
গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা এ কর্মসূচি চলে। গণস্বাক্ষর সংগ্রহের মধ্য দিয়ে গতকাল থেকে ছাত্র ঐক্য পরিষদ শুরু করেছে দাবি আদায়ের টানা আন্দোলন।
কর্মসূচি চলাকালে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৫ ঘণ্টায় ১৭টি পথসভা হয়েছে। এসব পথসভায় ছাত্র ঐক্য পরিষদের সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান পাটোয়ারী তাঁদের দাবি দাওয়ার পক্ষে বক্তব্য দেন। পথসভা চলার পাশাপাশি সংগ্রহ করা হয় গণস্বাক্ষর।
আটগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসের চালক শাহাবুদ্দিন বলেন, ‘ছাত্রদের দাবি ন্যায্য। তাই আমি দাবি পূরণে আমার সই দিয়েছি।’
এ বিষয়ে জকিগঞ্জ পৌর শহরের গণিপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা সাব্বির আহমদ চৌধুরী বলেন, ‘আমার এক ছেলে একাদশ শ্রেণিতে পড়ে। উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক কোর্স চালু না থাকায় এক বছর আগে থেকেই চিন্তা করছি ছেলের উচ্চশিক্ষা নিয়ে।’