জকিগঞ্জের ওসি-এসআইর বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরে আবদুল মালিক নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই, উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আবদুল মালিকের বড় ভাই বাদী হয়ে জকিগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গতকাল বুধবার এ মামলা করেন।ঘটনার তদন্ত করে আগামী ২৯ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য জকিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশিকুল হক ভূঁইয়াকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় ওসি ও এসআই ছাড়াও ইনামতি গ্রামের বাসিন্দা শামীম আহমদ চৌধুরী, শাহীন আহমদ চৌধুরী, বুরহান উদ্দিন, মহসিন চৌধুরী, তারেক আহমদ, তাজুল ইসলাম, হানিফ উদ্দিন ও মর্তুজা আহমদকে আসামি করা হয়েছে।আবদুল মালিকের ভাই আবদুল খালিক ২৩ জুন জকিগঞ্জের আদালতে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, পুলিশি নির্যাতনে জকিগঞ্জ উপজেলার ইনামতি গ্রামের শ্রমিক আবদুল মালিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি পুলিশকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করা হয়। মামলার বাদী আবদুল খালিক বলেন, স্থানীয় প্রভাবশালী কয়েকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ১২ জুন আবদুল মালিককে আটক করে। জামিনে মুক্ত হয়ে তিনি অসুস্থ অবস্থায় ১৭ জুন বাড়ি ফিরে পুলিশি নির্যাতনের বর্ণনা দেন। ২২ জুন রাতে তাঁর মৃত্যু হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, ‘ওই মামলার ব্যাপারে কোনো কাগজপত্র হাতে পাইনি। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।’