জকিগঞ্জের শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার দাবি
সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে প্রবেশের সব কটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি যাত্রীবাহী গাড়ি ভাঙচুর করলে পরিবহনশ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দুই দিনের মধ্যে দাবি মানা না হলে আগামী মঙ্গলবার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী, পরিবহনশ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত জকিগঞ্জ সরকারি কলেজ, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা, ইছামতী ডিগ্রি কলেজ, জকিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। শিক্ষার্থীরা পৌর শহরের এম এ হক চত্বর, কালীগঞ্জ, আটগ্রাম, কামালগঞ্জ, বাবুরবাজারসহ বিভিন্ন এলাকায় দলবেঁধে অবস্থান নিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় শিক্ষার্থীদের জন্য জকিগঞ্জের বিভিন্ন পথে চলাচলকারী গাড়ির ভাড়া অর্ধেক করার দাবিতে স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পাঁচটি যাত্রীবাহী গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় শিক্ষার্থীসহ কয়েকজন পরিবহনশ্রমিক আহত হন। পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। অবরোধ শেষে শিক্ষার্থীরা পৌর শহরের এম এ হক চত্বরে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক স্বপন আহমদ। সাধারণ সম্পাদক আল হাসিব তাপাদারের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষার্থী শাহজাহান খান, আনোয়ার আহমদ, সেলিম আহমদ চৌধুরী, আবু সাঈদ, জামিল আহমদ প্রমুখ। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহিম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।