জকিগঞ্জের সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের আবেদনকারী সিলেটের জকিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সমর্থক সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামানকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে সিলেট নগরের শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া জানান, গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০১১ সালের ১৪ নভেম্বর জকিগঞ্জের বারহাল ইউনিয়ন এলাকার এক কিশোরীকে অপরহণ করে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। পরিবারের সদস্যরা এ ঘটনায় বিচার চাইতে স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামানের কাছে যান। মিছবাহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হওয়ায় ক্ষমতাসীন দলের প্রভাবশালী ইউপি চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিলেন। ওই বছরের ৫ ডিসেম্বর মিছবাহ কিশোরীকে সালিস বৈঠকে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে সিলেট নিয়ে একটি আবাসিক হোটেলে রেখে ধর্ষণ করে প্রায় দুই সপ্তাহ জিম্মি করে রাখেন। পরে কিশোরী পরিবারের হেফাজতে গেলে ওই ঘটনায় ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মিছবাহ জামানের বিরুদ্ধে মামলা হয়।
ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ায় জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মিছবাহসহ তিনজনকে অভিযুক্ত করে ১৮ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। মামলার পর থেকেই মিছবাহ আত্মগোপন করেন। এ অবস্থায় তিনি গত বছরের ৬ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধর্ষণ মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ দাবি করে প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৮ আগস্ট এ-সংক্রান্ত কাগজপত্র সিলেটের সরকারি কৌঁসুলির দপ্তরে এলে বিষয়টি জানাজানি হয়।
গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ধর্ষণের মামলায় অভিযোগপত্র, পরে রাজনৈতিক হয়রানিমূলক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সরকারি কৌঁসুলির দপ্তর থেকে মামলা প্রত্যাহার না করার পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মামলা বাতিল না হওয়ায় মিছবাহ ফের আত্মগোপনে চলে যান। শনিবার রাত প্রায় সাড়ে আটটায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাইয়ের নেতৃত্বে জকিগঞ্জ থানার পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। জকিগঞ্জ থানার ওসি জানান, মিছবাহর বিরুদ্ধে ধর্ষণ মামলা ছাড়াও চেক জালিয়াতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১১টি মামলা রয়েছে।