জগদীশচন্দ্র বসুর জন্ম ও মৃত্যুদিবস জাতীয়ভাবে পালনের দাবি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে স্যার জগদীশচন্দ্র বসুর ১৫৬তম জন্মদিন উপলক্ষে গতকাল রোববার থেকে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা তাঁর জন্ম ও মৃত্যুদিবস জাতীয়ভাবে পালনের দাবি জানান।
বিজ্ঞান চিন্তা পরিষদ নামে একটি সংগঠন এই মেলার আয়োজন করেছে। রাঢ়ীখালের স্যার জেসি বোস ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত ওই মেলা উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ব্রিটিশ পরাধীনতার যুগে দেশপ্রেম ছিল। এ কারণে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্রের মতো মেধাবীরা পড়াশোনা শেষ করে বিদেশমুখী হননি। কিন্তু দেশপ্রেমের অভাবে আজ মেধা পাচার হয়ে যাচ্ছে।
সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেসব বিষয়ে পড়ালেখা করলে সহজে উপার্জন করা যায় সেগুলো শেখায়। আমরা ব্যক্তিগতভাবে যত সাফল্য পাচ্ছি, তত সংকুচিত হচ্ছি।’
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলা কমিটির আহ্বায়ক সুখেন চন্দ্র ব্যানার্জী। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ এস এম ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, বিজ্ঞান চিন্তা পরিষদের প্রধান সমন্বয়ক সফিক ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এ ছাড়া ভারত থেকে মেলায় রানু ঘোষাল, রূপা বসু, রাজীব শেঠী ও নারায়ণ ব্যানার্জী অংশ নেন।
মেলায় জেলার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান স্টল দিয়েছে। মেলা চলবে কাল মঙ্গলবার পর্যন্ত।
স্যার জগদীশচন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে জন্ম নেন।