জগদ্দল বিহারে মিলেছে ব্রোঞ্জের ১৪টি মূর্তি
নওগাঁর ধামইরহাট উপজেলার জগদ্দল বৌদ্ধবিহারে গতকাল মঙ্গলবার ব্রোঞ্জের ১৪টি বুদ্ধমূর্তি পাওয়া গেছে। বিহারের পশ্চিম-উত্তর কোণের একটি কক্ষের ছোট একটি কুঠরিতে মূর্তিগুলো পাওয়া যায়। উপজেলার ধামইরহাট ইউনিয়নের এই বিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তর গত বছরের ১ ডিসেম্বর থেকে খননকাজ চালাচ্ছে। গতকাল মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের শ্রমিক-কর্মকর্তারা খননকাজ করার সময় একটি কক্ষের সামনের দেয়ালের সঙ্গে লাগানো ছোট একটি কুঠরির সন্ধান পান। ধীরে ধীরে মাটি সরিয়ে নেওয়ার পর দুপুরে কুঠরির মেঝে থেকে মাটি-কাদা মেশানো অবস্থায় মূর্তিগুলো উদ্ধার হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক বদরুল আলম বলেন, মূর্তিগুলোর মধ্যে তিনটি ছোট, পাঁচটি মাঝারি। এ ছাড়া বড় দুটি মূর্তির সঙ্গে জোড়া লাগানো আরও চারটি মূর্তি রয়েছে। ছোট মূর্তিগুলোর ওজন ২০০-২৫০ গ্রাম, মাঝারিগুলো ৪০০-৫০০ গ্রাম এবং বড় জোড়া লাগানো মূর্তিগুলোর একেকটির ওজন এক থেকে দেড় কেজি। ধারণা করা হচ্ছে, মূর্তিগুলো ১০ শতক থেকে ১১ শতকের। পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান ও জগদ্দল মহাবিহারের খননকাজের প্রধান কর্মকর্তা মাহাবুব উল আলম জানান, বড় দুটি মূর্তি ১০ ইঞ্চি, ছোটগুলো তিন ইঞ্চি এবং মাঝারিগুলো সাত ইঞ্চি উচ্চতার। মূর্তিগুলো পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে।