জগন্নাথ ও বিইউবিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিইউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরু সূত্রধরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলার সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছাত্রী উত্ত্যক্তের জন্য শিক্ষার্থীরা পরস্পরকে দায়ী করেছেন বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় আজ বিকেল চারটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিইউবিটির শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা শুরু হয়। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক সারিতে ছিলেন। এদের মধ্যে বিইউবিটির শিক্ষার্থীরা বেশি ছিলেন। বিকেল সোয়া চারটার দিকে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ আনেন পরস্পরের বিরুদ্ধে। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা ইনডোর স্টেডিয়ামে। দুপক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর করা হয়। একপর্যায়ে তা বাইরে ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রমণের শিকার হন। এতে জগন্নাথের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিরু সূত্রধরসহ (২২) অন্তত পাঁচজন আহত হন। বিইউবিটির দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ইনডোর স্টেডিয়ামে আটকে পড়া জগন্নাথের শিক্ষার্থীদের উদ্ধার করে তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। এরপর তাঁরা এলাকা ছেড়ে চলে যান। আহত জগন্নাথের শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল ও স্থানীয় দুুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিইউবিটির আহত দুই শিক্ষার্থী প্রাথমিক চিকিত্সা নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে বিইউবিটির শিক্ষার্থীরা স্টেডিয়ামের সামনের সড়ক অবরোধ করে নির্বিচারে যানবাহনে ভাঙচুর চালায়। একপর্যায়ে পুলিশ পল্লবী ও মিরপুর ১০ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়। এক ঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
পল্লবী থানার অপারেশন কর্মকর্তা মো. ইয়াসিন গাজী প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে থানায় কোনো মামলাও হয়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা রাতে প্রথম আলোকে বলেন, জগন্নাথের হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে সহপাঠীরা এর প্রতিবাদ জানান। এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বিইউবিটির শিক্ষার্থীরা জগন্নাথের শিক্ষার্থীদের মারধর করে আহত করে। হামলাকারীদের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে বলেও তিনি জানান।
জগন্নাথের শিক্ষার্থীরা দাবি করেন, ঘটনার সময় পুলিশ পাশে থাকলেও তাঁদের রক্ষা করতে এগিয়ে আসেনি।
এ ব্যাপারে যোগাযোগ করেও বিইউবিটির উপাচার্যের বক্তব্য পাওয়া যায়নি।