জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের হামলায় দুই সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া স্বপ্নচূড়া বাসে ‘দৈনিক মানবকণ্ঠ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সোহাইল মিয়া ও ‘আমাদের অর্থনীতি’-এর প্রতিবেদক নুর সোলাইমান এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান হাফিজ তালুকদার যাত্রাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী বাসে বিশৃঙ্খলা করছিলেন। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে সাংবাদিকদের মারধর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। পরে পাশে থাকা ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা সাংবাদিকদের বলেন, লিখিত আবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এ ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।