জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক নাসির উদ্দিনকে স্বপদে বহালের দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাল বৃহস্পতিবার ফের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ইংরেজি বিভাগের চাকরিচ্যুত শিক্ষক নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও তাঁকে স্বপদে বহালের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘স্ট্যান্ড ফর নাসির স্যার—এই যুগের শামসুজ্জোহা’ নামে একটি গ্রুপে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদ ও তাঁকে স্বপদে বহালের দাবিতে গত মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। এ ছাড়া গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলোও যোগ দিয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়র আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদের শাস্তির বিষয়টি ‘ক্ষমা চেয়ে আবেদন করা সাপেক্ষে’ পুনর্বিবেচনা করার কথা জানান উপাচার্য মীজানুর রহমান। কিন্তু তাঁকে স্বপদে বহাল করার বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি। এতে ক্ষিপ্ত হয়েই গতকাল ফের ধর্মঘটের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, নাসির উদ্দিন আহমদকে অপসারণ করার বিষয়টি প্রশাসনেরই ষড়যন্ত্র। তাঁকে অপসারণের মূল কারণ, তিনি ছাত্রদের যুক্তিসংগত প্রতিটি আন্দোলনে সমর্থন দিয়ে আসছিলেন। অথচ কিছুদিন আগে বাংলা বিভাগের একজন নারী অধ্যাপকের বিরুদ্ধেও গবেষণা জালিয়াতির অভিযোগ উঠেছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আজ বিকেলে ‘স্ট্যান্ড ফর নাসির স্যার—এই যুগের শামসুজ্জোহা’ গ্রুপের পক্ষ থেকে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাসরিন ফারহানা ও শিপন আহমেদ। যোগাযোগ করা হলে নাসরিন ফারহানা প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার ধর্মঘট চলাকালে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তখন উপাচার্য মীজানুর রহমান বিষয়টি বিবেচনা করবেন বলে আমাদের জানান। কিন্তু পরক্ষণে এক সংবাদ সম্মেলন করে তিনি নাসির স্যারকে ক্ষমা চাইতে বলেন। এ ছাড়া আদৌ শাস্তি প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়টিও স্পষ্ট করে তিনি বলেননি। তাই বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সব বিভাগের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছি। সবার মতামত নিয়েই আজ ধর্মঘটের সিদ্ধান্ত হয়।’
নাসরিন ফারহানা বলেন, ‘শাস্তি প্রত্যাহারের বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করেছে কর্তৃপক্ষ। তাই আগামী ১০ কর্মদিবসের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা ডেকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।’