জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ১৮ হাজার৷ ক্যানটিন মাত্র একটি। সেখানে বসার আসন আছে মাত্র ২০ থেকে ২৫টি। খাবারের তালিকায় রয়েছে কেবল চা, শিঙাড়া ও ডিম-খিচুড়ি।

এদিকে ক্যানটিনে ভর্তুকি ও নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু প্রতিশ্রুতির দেড় বছরের বেশি সময় পার হলেও তা বাস্তবায়িত হয়নি। এ ছাড়া শিক্ষকদের জন্যও নেই আলাদা কোনো ক্যানটিনের ব্যবস্থা। এতে বিশেষ করে সকালের নাশতা ও দুপুরের খাবার নিয়ে চরম অস্বস্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অনাবাসিক একটি বিশ্ববিদ্যালয়৷ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর বিভিন্ন অঞ্চলে বাসা বা মেস ভাড়া করে থাকেন৷

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের ফাও খাওয়ার কারণে খাবারের আইটেম (পদ) ও মান কমিয়ে দিয়েছেন ক্যানটিন পরিচালক। একই কারণে ক্যানটিন পরিচালনা করতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

২০১২ সালের ৫ সেপ্টেম্বর ‘ক্যানটিনে চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর ক্যানটিনে খাবারের দাম কমানোর দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেছিলেন প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা। পরে ১৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বৃহস্পতিবার ক্যানটিনে গিয়ে দেখা যায়, ক্যানটিন পরিচালক আলতাব হোসেন খাবারের মূল্যতালিকা নিয়ে বসে আছেন। এতে লেখা, ডিম-খিচুড়ি ৩০ টাকা, সবজি-খিচুড়ি ২০ টাকা এবং নাশতা হিসেবে রয়েছে চা, সমুচা ও শিঙাড়া। এ ছাড়া ক্যানটিনে আর কোনো পদেরই খাবার নেই৷ বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, ‘ক্যানটিনে আগে অনেক পদের খাবার পাওয়া যেত৷ কিন্তু দেড় বছর ধরে ডিম-খিচুড়ি ছাড়া আর কিছুই মেলে না৷ তা ছাড়া ক্যানটিনে খাবারের পরিবেশ ও মান আগের চেয়ে অনেক খারাপ হচ্ছে।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘ক্লাস-পরীক্ষার জন্য ক্যাম্পাসে এলে দুপুরে ক্যানটিনে ভালো খাবার পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে না খেয়ে থাকেন অনেক শিক্ষার্থী। এ ছাড়া আশপাশের খাবারের হোটেলগুলোতেও ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাও খাওয়ার কারণে চড়া দাম রাখছেন হোটেলমালিকেরা।

যোগাযোগ করা হলে ক্যানটিন পরিচালক আলতাব হোসেন বলছেন, প্রশাসন খাবারে ভর্তুকি না দিলে খাবারের মান বাড়ানো সম্ভব নয়। আর কিছু ছাত্রের ফাও খাওয়ার কারণে খাবারের পদ বাড়ানোও সম্ভব নয়।

ফাও খাওয়ার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ৷ ছাত্রলীগের নামে কেউ ফাও খেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম৷

ক্যানটিনের আসবাব কেনার টাকা সমন্বয় হয়নি: ক্যানটিনের আসবাব কিনতে ২০১২ সালের নভেম্বরে ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ পরিচালক নাসির উদ্দিন আহমদকে অগ্রিম এক লাখ ৩০ হাজার টাকা দিয়েছিল প্রশাসন। ওই টাকা থেকে মাত্র ৭০ হাজার টাকার আসবাব কেনা হয়। কিন্তু এখনো বাকি টাকার সমন্বয় করেননি তিনি৷

ট্রেজারার অধ্যাপক সেলিম ভুঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অগ্রিম প্রদান ও অগ্রিম সমন্বয় নীতিমালা অনুযায়ী অগ্রিম টাকার হিসাবপত্র চলতি অর্থবছরের মধ্যেই সমন্বয় করার বিধান রয়েছে। কিন্তু নাসির উদ্দিনকে একাধিকবার চিঠি দিয়েও কোনো জবাব মেলেনি।’

এ বিষয়ে নাসির উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, প্রশাসনের বরাদ্দ করা টাকা দিয়ে দুই পর্বে মালামাল কেনা হয়েছে। তবে বিভিন্ন কারণে টাকার সমন্বয় করা সম্ভব হয়নি। কয়েক দিনের মধ্যেই তা করা হবে। তবে ক্যানটিনে ভর্তুকি দেওয়ার বিষয়ে সম্প্রতি ভিন্ন কথা বলেছেন উপাচার্য মীজানুর রহমান। তিনি বলেন, ক্যানটিনে ফাও খাওয়া বন্ধ করলেই খাবারের পদ ও মান ভালো হবে। প্রশাসনের ভর্তুকি দেওয়ার দরকার হবে না।