জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জায়গা পরিদর্শন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জায়গা পরিদর্শন করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। ৩৪৯.৫ শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হবে এই ক্যাম্পাস। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আবাসিক হল ও একাডেমিক ভবনও নির্মাণ করা হবে।
আজ দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর গ্রামের ওই জমিতে গাছ লাগিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের জায়গার উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান।
পরে এক আলোচনা সভায় নসরুল হামিদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এই এলাকায় স্থাপন করায় কেরানীগঞ্জবাসী আনন্দিত হবে। কারণ, এই শিক্ষাপ্রতিষ্ঠানটির রয়েছে প্রায় দেড় শ বছরের ঐতিহ্য। তাই এই ক্যাম্পাসটি আরও সম্প্রসারণের জন্য সার্বিক সহযোগিতা করা হবে।
উপাচার্য মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের’ নামে একটি ছাত্র হল ও একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া স্বেচ্ছায় কেউ ১০ বিঘা জমি দিলে ওই জমির মালিকের নামে একটি হলের নামকরণ করা হবে। তাই কেরানীগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন উপাচার্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি মোহা. আলী নূর, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।