জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও শতাধিক যানবাহন ভাঙচুর করেন। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সহায়তায় বিভিন্ন বাসের হেলপার ও চালকেরা তাঁদের ওপর হামলা ও মারধর করেন। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ‘নোঙ্গর’ নামের বাসটি নরসিংদী যাচ্ছিল। বাসে ৮০ জনের মতো শিক্ষার্থী ছিলেন। বিকেল সোয়া চারটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবর খাদুন এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা চিনিভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ৩০ জন আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ ও শতাধিক যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী ঊর্মি, শুভ, পূজা, রনি, সাইফুল, রীমা, প্রিয়াংকা ও লাকী রূপগঞ্জের রূপসী মেডিল্যাব হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মোবারক হোসেন অভিযোগ করেন, একপর্যায়ে পুলিশের সহায়তায় বিভিন্ন বাসের হেলপার ও চালকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং তাঁদের মারধর করেন। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাকের চালককে পাওয়া যায়নি। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের সহায়তায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান জানান, শিক্ষার্থীদের ওপর হামলা ও তাঁদের মারধর করার কথা নয়। এ ব্যাপারে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।