জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজ ছাত্রলীগের সংঘর্ষ
ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শাখার কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের সময় ছাত্রলীগের কর্মীরা বেশকিছু গাড়ি ভাঙচুর করেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে তানজির নামের এক ছাত্র সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য কবি নজরুল কলেজে যান। এ সময় প্রবেশপত্র আটকে তাঁর কাছে টাকা দাবি করেন ওই কলেজের ছাত্রলীগের কয়েকজন কর্মী। তানজিরের কাছ থেকে এটা জানতে পেরে জগন্ন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী কামরুল আরও কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে কবি নজরুল কলেজে যান এবং প্রবেশপত্র আটকে রাখার কারণ জানতে চান। এ নিয়ে দুই পক্ষের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে কবি নজরুল কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে এম ফারুকের নেতৃত্বে দলীয় কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী জহির, মাসুদ ও কামরুলকে ব্যাপক মারধর করেন।এ খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অর্ধশতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কবি নজরুল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের পাঁচটি গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রথম দফা আধাঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন। তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিত্সা নেন।প্রথম দফা সংঘর্ষের পর বিকেল পাঁচটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান ও কবি নজরুল কলেজের অধ্যক্ষ সৈয়দা সেলিনা বেগমের উপস্থিতিতে ছাত্রলীগের উভয় ক্যাম্পাসের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে বসেন। নজরুল কলেজে এ বৈঠকে আবার উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয় এবং একপর্যায়ে এক পক্ষ বাইরে এসে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান প্রথম আলোকে বলেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, সে ব্যাপারে তাঁরা সজাগ থাকবেন বলে জানান।