জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পোগোজ স্কুল একীভূত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পোগোজ স্কুল’ একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্কুলটির নতুন নাম দেওয়া হয়েছে ‘পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাকক্ষে স্কুল পরিচালনা কমিটির সঙ্গে যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, পোগোজ স্কুলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরি স্কুল হিসেবে চলবে। স্কুলে পর্যায়ক্রমে একাদশ শ্রেণি চালু হবে, যা পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়।
যৌথ সভায় মীজানুর রহমানের সভাপতিত্বে ট্রেজারার মো. সেলিম ভূঁইয়া, মো. ওহিদুজ্জামান, পোগোজ স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পোগোজ স্কুল ১৮৪৮ সালে স্থাপিত হয়। স্কুলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সংলগ্ন চিত্তরঞ্জন অ্যাভিনিউতে (শাঁখারীবাজার) অবস্থিত।