জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ ছাত্র সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহপাঠীকে মারধরের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এঁরা পাঁচজনই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। গতকাল সকালে তাঁরা হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রকে মারধর করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে পাঁচজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা জানান, গতকাল সকালে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র রিফাত বিন সাত্তার পরীক্ষা দিতে আসেন। পৌনে নয়টার দিকে তিনি বিভাগের ৩১৫ নম্বর কক্ষে প্রবেশ করলে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের কয়েকজন কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ফেটে যায়। একজন সহকারী প্রক্টর ছাত্রদের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনার পর ওই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে নতুন ভবনের সামনে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন। ছাত্ররা বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ করেন এবং উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।বিক্ষোভের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনা তদন্তে বাণিজ্য অনুষদের ডিন মোশাররাফ হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। জানা যায়, বিকেল সাড়ে চারটায় ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেজিস্ট্রার ওহিদুজ্জামান পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেন। সাময়িক বহিষ্কৃত ছাত্ররা হলেন: তারিক বিন জোহা, মোস্তফা কামাল, জুবায়ের প্রিন্স, জামাল হোসাইন ও সোহাগ হোসেন। এঁরা সবাই ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি কামরুল হাসানের সমর্থক বলে জানা গেছে।