জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গতকাল ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা l প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গতকাল ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা l প্রথম আলো

উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। গতকাল বৃহস্পতিবার ১১ বছর পেরিয়ে ১২ বছরে পা রাখল শিক্ষাপ্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শিক্ষার্থীরা উৎসবের জন্য মানানসই বর্ণাঢ্য পোশাকে ক্যাম্পাসে এসেছিলেন। ছেলেদের পরনে ছিল রংবেরঙের টি-শার্ট ও পাঞ্জাবি। মেয়েদের পরনে ছিল হরেক রঙের শাড়ি। কেক কেটে, নেচে-গেয়ে দিবসটি পালন করেছেন শিক্ষার্থীরা। আর ক্যাম্পাসও সেজেছিল বর্ণিল সাজে।
সকাল সোয়া নয়টায় বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য মীজানুর রহমান। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাস, পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য বলেন, অদূর ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় অগ্রগামী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা এই উন্নয়নের বাধা হতে দেওয়া হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত অনেক উন্নয়ন হচ্ছে।
রেজিস্ট্রার ওহিদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আইন অনুষদের ডিন সরকার আলী আককাস, শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে এই মিলনায়তনে গঙ্গা থেকে বুড়িগঙ্গা যাত্রাপালা অনুষ্ঠিত হয়।