জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার পালিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। গতকাল নবম বছরে পা রাখল পুরান ঢাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটি।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রায় সাহেববাজার ও বাহাদুর শাহ পার্ক এলাকা ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন, বাদ্যযন্ত্র ও ঘোড়ার গাড়ি নিয়ে অংশ নেন। বেলা ১১টার দিকে বাংলাবাজারে বিশ্ববিদ্যালয়ের ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের’ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। দুপুর ১২টার দিকে বিজ্ঞান অনুষদ চত্বরে আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি এ কে আজাদ চৌধুরী বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই জাতিকে একটি আধুনিক বাংলাদেশ উপহার দিতে পারে। তাই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সব সরকারকেই শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে প্রথম উপাচার্য সিরাজুল ইসলাম খান, কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সাংসদ নজরুল ইসলাম, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পাথরকুচির পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন প্রদর্শনী, বিনা মূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাঁধন এবং পুস্তক প্রকাশনা ও প্রদর্শনী হয়। বিকেলে বিজ্ঞান ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিক্ষার্থীরা সারা দিন ক্যাম্পাসে আনন্দ উৎসব করেন।
২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে একটি আইনের মাধ্যমে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।