জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবারও অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের হল উদ্ধার সংগ্রাম পরিষদও এই সমাবেশে যোগ দেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত হল উদ্ধার কমিটি গতকাল সভা করেছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে শিক্ষক সমিতি। একই দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ দুপুর ১২টার দিকে এই সমাবেশে যোগ দেয়। একই সময়ে শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন। বেলা দুইটা পর্যন্ত শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি ও সমাবেশ চলে।
শিক্ষক সমিতি ও সংগ্রাম পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, পুলিশের লালবাগ বিভাগের ডিসি ও কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহার, পরিবহনসংকট নিরসন ইত্যাদি। গত ১২ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু হয়।
সমাবেশে শিক্ষকেরা বলেন, বেদখলে থাকা হলগুলো উদ্ধারে করণীয় ঠিক করতে আগামী ১০ এপ্রিল পর্যন্ত সময় নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে হলগুলো উদ্ধারে কার্যকর পদক্ষেপ না নিলে আবারও কর্মবিরতিতে যাবেন শিক্ষকেরা। পাশাপাশি দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস, সাধারণ সম্পাদক পরিমল বালা ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ এবং হল উদ্ধার সংগ্রাম পরিষদের নেতারা বক্তব্য দেন।
হল উদ্ধার কমিটির সভা: বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হলগুলো উদ্ধারে বেলা দুইটার দিকে উপাচার্যের সভাকক্ষে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা হল উদ্ধার কমিটি। সভা শেষে উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, বেদখল হওয়া হল বা হলের জমিসংক্রান্ত একটি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া হলের জমি নিয়ে আইনগত জটিলতা সমাধানের জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হল উদ্ধার কমিটির আহ্বায়ক ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাহউদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) ও ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল কমিটি দ্বিতীয় দিনের মতো সভা করে।