জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গবেষণাবিষয়ক শিক্ষা কার্যক্রম এমফিল ও পিএইচডি ডিগ্রি শুরু হতে যাচ্ছে। ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে কোর্সগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, শিক্ষার্থীদের দাবির মুখে এমফিল ও পিএইচডি ডিগ্রির কার্যক্রম শুরুর জন্য গত জানুয়ারিতে একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠিত হয়। কমিটি এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করার পর গত সপ্তাহে একাডেমিক কাউন্সিলে তা প্রাথমিকভাবে অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শুরুতে যেসব বিভাগ কোর্সগুলো চালাতে সক্ষম, সেগুলোতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক অধ্যাপক নিয়োগসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর কাজ চলছে। সিন্ডিকেট সভায় আইন বিভাগ নিয়ে ‘আইন অনুষদ’ ও বর্তমানে বিজ্ঞান অনুষদের ছয়টি বিভাগ নিয়ে ‘লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ’ নামের নতুন দুটি অনুষদ খোলার সিদ্ধান্ত হয়। উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ফার্মেসি, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ নিয়ে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ গঠিত হবে। বিজ্ঞান অনুষদে থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে নতুন অনুষদ দুটির কার্যক্রম শুরু হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) ভর্তি শুরু হয়েছে। চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করার পর নিবন্ধন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ভর্তি হতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।