জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম সংগীত উৎ​সবে শিল্পীদের সমবেত পরিবেশনা l প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম সংগীত উৎ​সবে শিল্পীদের সমবেত পরিবেশনা l প্রথম আলো

রবীন্দ্র, নজরুল, লোক ও উচ্চাঙ্গসংগীত পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম সংগীত উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানকে উত্তরীয় পরিয়ে বরণ করেন সংগীত বিভাগের চেয়ারম্যান লাইসা আহমদ লিসা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মহসিনা আক্তার খানম (লীনা তাপসী), ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের সংগীত বিভাগের সমন্বয়ক অসীত দে ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান প্রদীপ কুমার নন্দীকে উৎসব স্মারক প্রদান করেন মীজানুর রহমান। পরে ‘আগুনের পরশমণি’ গানটির সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এই সংগীত উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘শিল্প-সাহিত্যের সঙ্গে সবার ঘনিষ্ঠতা বাড়াতে হবে। তাতে সমাজে ধর্মের নামে মানুষ হত্যা, ধর্ষণ ও অসামাজিক কার্যকলাপ হ্রাস পাবে। নতুন প্রজন্মকে সুস্থ সমাজ গঠনে আলোকিত মানুষ হতে হবে।’
উপাচার্য মীজানুর রহমান বলেন, ‘পুরান ঢাকার মানুষের সুকুমার বৃত্তির চর্চায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে।
সংগীত উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক লাইসা আহমদ লিসার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান ও আলী এফ এম রেজোয়ান প্রমুখ বক্তব্য দেন।
দিনব্যাপী এই আয়োজনে শিল্পী নাদিরা বেগম, খায়রুল আনাম, অসিত দে, আলী এফ এম রেজোয়ান, বুলবুল ইসলাম, লাইসা আহমদ লিসা, অদিতি মহসিন, শারমিন সাথী ইসলাম, কাঞ্চন মোস্তফা, অণিমা রায়, মাহমুদুল হাসান, প্রিয়াংকা গোপ প্রমুখ সংগীত পরিবেশন করেন।