ষষ্ঠ সেমিস্টারে তৃতীয় হয়েছেন। সপ্তম সেমিস্টারে আরও ভালো করতে হবে। তাই চেষ্টার কোনো কমতি ছিল না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র তৈয়ব নূর চৌধুরী বাপ্পীর। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না। গতকাল রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বাসের চাপায় প্রাণ হারান তিনি। রাজধানীর অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের টাটকি এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা দুই দফায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে দুটি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, তৈয়ব রূপগঞ্জের যাত্রীমুড়া টাটকী এলাকায় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে রিকশায় করে কাঁচপুর সেতুর দিকে যাচ্ছিলেন। রিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যে একটি যাত্রীবাহী বাস এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তৈয়বের মৃত্যু হয়।দুর্ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানার শ্রমিক ও জনতা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এদিকে তৈয়বের মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েক শ শিক্ষার্থী দুটি দোতলা বাসে করে দুর্ঘটনাস্থলে হাজির হয়। তারা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুই মহাসড়কে কয়েক কিলোমিটর এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসচালককে গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। নিহত তৈয়বের চাচাতো ভাই মো. আলাউদ্দিন মিয়া জানান, তৈয়ব চট্টগ্রাম জেলার কালুরঘাট এলাকার ব্যবসায়ী নূরুল ইসলাম চৌধুরীর একমাত্র ছেলে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হাসান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুপুর দুইটায় জানাজা শেষে তৈয়বের লাশ চট্টগ্রামে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।রাজধানীতে দুজন নিহত: রাজধানীর বিশ্বরোড এলাকায় গতকাল সকালে বাসচাপায় বিশ্বনাথ দাস (২২) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে গত শনিবার গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মো. শাহজাহান (৪৫) নামের এক ব্যক্তি।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বিশ্বনাথ গতকাল সকাল ১০টার দিকে বিশ্বরোড সড়কে ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় নিউমার্কেট থেকে উত্তরাগামী ফাল্গুন পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিশ্বনাথের বাসা বাড্ডার বেরাইদ এলাকায়। তিনি বারিধারায় একটি মোটর সারাই কারখানায় কাজ করতেন। এসআই আরও জানান, চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ বাসটি আটক করেছে। খবর পেয়ে নিহতের স্বজন ও বন্ধুরা দুর্ঘটনাস্থলে এসে ফাল্গুন পরিবহনের পাঁচটি বাসে ভাঙচুর চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিশ্বনাথের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এদিকে গত শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গরু নিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি শাহজাহানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকাল আটটার দিকে শাহজাহানের মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়।