জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর মিরপুর ১ নম্বরে গতকাল বুধবার রাতে নিজ বাসায় রুবেল শেখ (২২) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি ব্যবসায় প্রশাসনের (বিবিএ) প্রথম বর্ষের ছাত্র।পরিবার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রুবেল মা-বাবার সঙ্গে মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লকের ৯ নম্বর সড়কের ৫ নম্বর বাসায় থাকতেন। গতকাল রাত পৌনে ১০টার দিকে তাঁকে বাসা থেকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গলায় অর্ধচন্দ্রাকৃতির আঘাতের চিহ্ন রয়েছে।হাসপাতালে রুবেলের মামা আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে রুবেল বিষণ্নতায় ভুগছিলেন। তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।যোগাযোগ করা হলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে।