জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উপাচার্যের গাড়িবিলাস, অর্থকাণ্ড’ শিরোনামে গতকাল প্রথম আলোতে প্রকাশিত সংবাদের কিছু অংশের প্রতিবাদ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম, আর্থিক বিষয় ও উপাচার্যের গাড়ি ব্যবহার সম্পর্কে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।এতে বলা হয়, বর্তমান উপাচার্য ২০০৯ সালের ফেব্রুয়ারিতে যোগ দেওয়ার পর সাবেক উপাচার্যের গাড়িটি ব্যবহার করে আসছিলেন। কিন্তু গাড়িটি দীর্ঘদিন ব্যবহারের ফলে প্রায়ই অকেজো থাকত। এ কারণে উপাচার্যের যাতায়াত সমস্যার কথা বিবেচনা করে অর্থ কমিটি ও সিন্ডিকেটের অনুমোদন করে একটি পাজেরো জিপ কেনা হয়। ‘জাহিদ আলম উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষকদের জন্য বরাদ্দ একটি মাইক্রোবাস সার্বক্ষণিক ব্যবহার করা শুরু করেন।’ প্রতিবেদনের এই তথ্য মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে প্রতিবাদপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মতো তিনিও প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করেন। তবে গত ঈদের ছুটির সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তিনি মাইক্রোবাসটি ব্যবহার করেছেন। এতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আয় বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলের টাকা অর্থ কমিটি ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এফডিআর করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার টাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী ব্যয় করা হয়। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।এদিকে শিক্ষকদের নীলদলের প্রতিবাদলিপিতে অভিযোগ করে বলা হয়, প্রতিবেদনে ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি ঘটানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: যথেষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং ইউজিসির চেয়ারম্যান, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই, সবই সঠিক তথ্য। আর এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রথম আলোর কাছে আছে।প্রতিবাদপত্রে দামি গাড়ি কেনার বিষয়টি স্বীকার করা হয়েছে। কিন্তু উপাচার্যের দ্বিতীয় পাজেরো কেনার বিষয়ে কোনো প্রতিবাদ না করে প্রকারান্তে তা স্বীকার করা হয়েছে।বিক্ষোভ-মিছিলজগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই বিক্ষোভ শুরু হয়। ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা ‘হল চাই, পরিবহন-সংকটের সমাধান চাই, উন্নয়ন প্রকল্পের টাকার হিসাব চাই’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা ভাস্কর্য চত্বরে সমাবেশ করেন। একপর্যায়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ছাত্র ফেডারেশনের ফাহমিদা ইসলাম প্রমুখ।