জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় নিরীহ দরজি বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এ রায়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও সাধারণ সম্পাদক বলেছেন, অপরাধীদের দায় ছাত্রলীগ নেবে না।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। এ হত্যা মামলার রায়ে গত বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ছাত্রলীগের আট কর্মীকে মৃত্যুদণ্ড এবং অপর ১৩ কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলার আসামি ছিলেন এই ২১ জন।
বিশ্বজিৎ হত্যা মামলার রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে নিরাপত্তার স্বার্থে তাঁরা নাম প্রকাশ করে মন্তব্য করতে চাননি। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ফলে দেশ-বিদেশে ক্যাম্পাসের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মীদের বিচার হওয়ায় কলঙ্কমুক্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বেশ কয়েকজন শিক্ষার্থী রায়ে সন্তোষ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন নেতা অভিযোগ করে বলেন, সংগঠনের স্বার্থেই গত বছর বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে মাঠে ছিল ছাত্রলীগ। ঘটনাক্রমে বিশ্বজিৎ নিহত হলেও কর্মীদের বাঁচানোর চেষ্টা করেনি সংগঠন। এমনকি রায়ের পরও মন্তব্য করেনি ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আদালত অপরাধীদের বিচার করেছেন। অপরাধীদের দায় ছাত্রলীগ নেবে না।’ তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।