জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের জায়গায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মাণের দাবিতে তাঁদের এই বিক্ষোভ। আজ বুধবার বেলা ১১টা থেকে সড়ক অবরোধ করা হয়। এখনো তা চলছে।
শিক্ষার্থীদের ভাষ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০ বছর পরও কোনো আবাসিক হল নির্মাণ করতে পারেনি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা হলগুলোও উদ্ধার করতে ব্যর্থ হয়েছে তারা। সম্প্রতি কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হওয়াতে ওই জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়ার দাবি জানানো হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, কারাগারের জায়গায় জাতীয় চার নেতার নামে চারটি আবাসিক হল নির্মাণ করে কারাগারের ঐতিহ্য সংরক্ষণ করা হবে। এখানে জাতীয় চার নেতাসহ বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ দুপুর সোয়া ১২টায় প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। তিনি বলেন, ‘ওই কারাগারের জমিটি বিশ্ববিদ্যালয়কে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো উত্তর পাইনি।’
সরেজমিনে দেখা যায়, পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত দক্ষিণ পাশে যান চলাচল বন্ধ আছে। কদম ফোয়ারার পাশে জলকামান নিয়ে পুলিশ প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। সড়কটি বন্ধ থাকায় শাহবাগ থেকে গুলিস্তান-মতিঝিল সড়কে তীব্র যানজট লেগে রয়েছে।