জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় ছাত্রাবাস নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে ও সড়ক অবরোধ করে ধর্মঘট করছেন।
শিক্ষার্থীরা গতকাল সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি ফটকে তালা লাগিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রশাসনিক ভবনের প্রধান ফটকেও তালা লাগানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ভেতরে ঢুকতে পারেননি।
শিক্ষার্থীরা সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের জনসন রোডে ১৫ থেকে ২০টি টায়ারে আগুন জ্বেলে দেন। রায়সাহেব বাজার থেকে সদরঘাট সড়ক অবরোধ করেন। আন্দোলনকারী শিক্ষার্থী ইমরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ১০ বছর আগে। কিন্তু আজ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন এলাকায় মেস বা বাসা ভাড়া করে থাকতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীরা সকালে সব ফটকে তালা লাগিয়ে দেন। এতে অনেকে ভেতরে ঢুকতে পারেননি। তবে পেছনের ফটক দিয়ে কিছুসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী ভেতরে ঢুকেছেন। পরীক্ষা ও ক্লাস নেওয়ার প্রস্তুতি চলছে।