নতুন নাম পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পোগোজ স্কুল একীভূত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোগোজ স্কুলের একীভূত-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটির নতুন নামকরণ হয়েছে ‘পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।’
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সই হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান ও পোগোজ স্কুলের পক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান৷ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, আইন উপদেষ্টা কাজী মো. নজিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, চুক্তি অনুযায়ী পোগোজ স্কুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ল্যাবরেটরি স্কুল হিসেবে ব্যবহৃত হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আইইআরের কার্যক্রম শুরু হবে ৷ এ ছাড়া পোগোজ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে উচ্চমাধ্যমিকে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
পোগোজ স্কুল ১৯৪৮ সালে স্থাপিত হয়। স্কুলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লাগোয়া চিত্তরঞ্জন অ্যাভিনিউতে (শাঁখারীবাজার)। এর আয়তন প্রায় পাঁচ একর।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ৬ আগস্ট উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পোগোজ স্কুল পরিচালনা কমিটির যৌথসভায় স্কুলটি বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ হিসেবে একীভূত করার সিদ্ধান্ত হয়। পরে ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি অনুমোদিত হয়।