ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভবনের ৩১১ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিষণ্নতা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ওই ছাত্রের নাম তাপস কুমার ঘোষ। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার পাকুল্লা গ্রামে। বাবার নাম অজিত কুমার ঘোষ। তিন ভাইয়ের মধ্যে তাপস সবার ছোট ছিলেন। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তাপসের সঙ্গে একই কক্ষে থাকতেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কৃষাণু সরকার। প্রথম আলোকে তিনি বলেন, গতকাল বিকেল সাড়ে ছয়টায় তিনি কক্ষ থেকে বেরিয়ে যান। তাপস তখন কক্ষেই ছিলেন। সাড়ে আটটার দিকে ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে লাগানো এবং তাপস ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে কক্ষের অন্য ছাত্রদের জানান। কৃষাণু বলেন, কয়েক দিন ধরেই তাপসের মন খারাপ ছিল। তবে এ বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। কক্ষের আরেক ছাত্র প্লাবন গঙ্গোপাধ্যায় বলেন, তাপস গত বছর সময়মতো মাস্টার্স পরীক্ষা দিতে পারেননি। এরপর থেকে বেশির ভাগ সময়ই তিনি বাড়িতে কাটিয়েছেন। মাঝেমধ্যে হলে এসে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা-সংক্রান্ত কাজ করতেন। প্লাবন বলেন, গত রাতে তাপসের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন আসে। এ সময় তিনি উচ্চ স্বরে গালিগালাজ করেন। তবে ঠিক কী বিষয়ে তিনি কথা বলছেন, তা বোঝা যায়নি। তাপসের শার্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে তিনি লিখেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছি। আর সহ্য করতে পারলাম না, তাই মৃত্যুর পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।’শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিষণ্নতা থেকেই ছাত্রটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।