সন্ধ্যার পর আলো-আঁধারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রবেশ করতেই আঁতকে উঠতে হলো। রাস্তার ধারেই রক্তাক্ত লাশ পড়ে আছে। আঁধারে চোখ সয়ে নিতে বোঝা যায়, এটা মাটির তৈরি প্রতীকী লাশ।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে জগন্নাথ হলের অমুসলিম ছাত্রদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করছিল। ওই সময়ের শহীদদের স্মরণে এভাবেই প্রতীকী লাশ তৈরি করা হয়েছে। হলের ফটক দিয়ে সামনে এগোতে গিয়ে দেখা গেল, হলজুড়েই এমন অবস্থা। কোনো লাশ সিঁড়িতে কিংবা কোনোটা পুকুর ঘাটে। কেউ চেয়ারে বসে, কেউ পড়ার টেবিলে।
দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল নানা আয়োজন। গতকাল শুক্রবার সকাল ১০টায় শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরে সন্ধ্যা ছয়টায় শহীদদের স্মরণে স্থাপনাশিল্পের প্রদর্শন শুরু হয়। সাতটায় জগন্নাথ হলে সংঘটিত গণহত্যার ওপর নির্মিত নাটক কালরাত্রি দেখানো হয়। টানা চলে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, হয় আলোচনা সভা। এর মাঝেই পরিবারের পক্ষ থেকে মশাল প্রজ্বালন করা হয় এবং রাত ১১টা ৫৯ মিনিটে শহীদদের গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
সন্ধ্যার পর থেকেই হলে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে কেউ কেউ হলের গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন করেন। এ ছাড়া গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে স্মৃতি চিরন্তনে ‘৭১ কালরাত্রি’ শীর্ষক স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ও আলোর মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে ২৫ মার্চ কালরাতের কয়েকজন প্রত্যক্ষদর্শী বক্তব্য দেন।