জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ আহত ছয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস জগন্নাথ হলে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।জগন্নাথ হল সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবনের ২১৩ নম্বর কক্ষে ছাত্রলীগের নেতা প্রণব দাস তাঁর সমর্থক এক ছাত্রকে ওঠাতে যান। এ সময় ওই ভবন নিয়ন্ত্রণকারী ছাত্রলীগের নেতা উৎপল সাহার সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে প্রণব দাসের সমর্থকদের ওপর হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই ভবনের অন্তত ২০টি কক্ষ ভাঙচুর করা হয়। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষ থেমে যায়। সংঘর্ষে উৎপল সাহা, তাঁর ভাই উদয় সাহা ও অরূপ এবং প্রণব দাসের সমর্থক সুবীর, মিঠুন ও সঞ্জয় আহত হন।এ ব্যাপারে জগন্নাথ হল শাখার প্রভোস্ট অজয় কুমার দাস সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি।