জগন্নাথ হলের কক্ষে ছাত্রের লাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক ছাত্রকে নিথর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। গতকাল সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম অপু সরকার (২০)। তিনি হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। অক্টোবর স্মৃতি ভবনের ৪৭৪ নম্বর কক্ষে থাকতেন। বাড়ি মানিকগঞ্জের ধামরাইয়ে। অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তাঁর রুমমেট রতন কীর্তনিয়া। পরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রতন প্রথম আলোকে বলেন, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে অপুসহ কক্ষের শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়েন। সকাল আটটার দিকে একসঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকায় অপুকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তাঁকে নিথর অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার প্রথম আলোকে বলেন, ‘সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার জন্য তাকে রুমমেটরা ডাকে। কিন্তু অনেক ডাকাডাকি করেও অপুর সাড়া না পেয়ে গায়ে হাত দিয়ে দেখে তার শরীর ঠান্ডা হয়ে আছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ মারা যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, চিকিৎসক ও পুলিশ মৃতদেহে অস্বাভাবিক মৃত্যুর কোনো চিহ্ন পায়নি। পরিবারও এসেছিল, তাদেরও কোনো সন্দেহ হয়নি।