জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদ নিয়ে দায়ের রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে বিএনপি নেতা আতাউর রহমানের হাইকোর্টে দায়ের করা রিট গত মঙ্গলবার খারিজ হয়ে গেছে। হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আবেদন খারিজ করে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ জানুয়ারী অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের ফলাফল নিয়ে দু’প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন ও বিএনপি নেতা আতাউর রহমানের মধ্যে বিরোধ দেখা দেয়। নির্বাচন কমিশন গত বছরের ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত ঘোষণা করে। পরে নির্বাচন কমিশন বিচারবিভাগীয় তদন্ত করে উপজেলার ৬০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে। গত বছরের ১ জুন নির্বাচনের তারিখ থাকলেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে আতাউর রহমান হাইকোর্টে রিট করেন। এ রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ২৫ মে নির্বাচন স্থগিত করে এবং কেন আতাউর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হবে না এ মর্মে নির্বাচন কমিশনের উপর রুল জারী করেন। আকমল হোসেনের আইনজীবী ব্যারিষ্টার এনামুল কবীর ইমন বলেন, ‘আতাউর রহমানের রিট খারিজের পর নির্বাচন কমিশন ঘোষিত একটি কেন্দ্রে নির্বাচন হতে আর আইনি বাধা রইল না। এখন নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে।’এ ব্যাপারে আতাউর রহমান বলেন, ‘আইনী লড়াই চালিয়ে যাবো।’২২ জানুয়ারি নির্বাচন শেষে উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ কক্ষে ফলাফল ঘোষণাকালে প্রধান দুই চেয়ারম্যান পদপ্রার্থী আকমল হোসেন ও আতাউর রহমানের সমর্থকদের মধ্যে ফলাফল নিয়ে বিরোধ দেখা দেয়। পরদিন সুনামগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক আল আমীনের নেতৃত্বে পূনগনণার মাধ্যমে বিএনপি নেতা আতাউর রহমানকে ৭২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।