জগন্নাথপুর ও কমলগঞ্জে ডাকাতি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক পল্লী চিকিৎসকের বাসায় এবং মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগর চা-বাগানের কর্মচারীর বাসায় বুধবার রাতে ডাকাতি হয়েছে। আলীনগর চা-বাগানের কর্মচারী সুবাস লাল কর বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশধারী আটজন ডাকাত তাঁর বাসার পাহারাদারকে বেঁধে দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢোকে। এ সময় ডাকাতেরা তাঁর মাথায় আঘাত করে এবং তাঁর স্ত্রী ও মেয়েকে বেঁধে আট ভরি স্বর্ণালংকার, নগদ সাত হাজার টাকা, দুটি মুঠোফোন সেট, একটি ল্যাপটপ, একটি ক্যামেরাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ বলেন, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই শান্তিগঞ্জ বাজারে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিন-চারজন লোক রোগী সেজে পল্লী চিকিৎসক রতীন্দ্র দাসের বাড়িতে গিয়ে দরজা খোলার জন্য অনুরোধ জানায়। রোগীর কথা শুনে চিকিৎসক নিজে দরজা খুলে দেন। এ সময় ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর পরিবারের লোকজনকে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিস লুটে নিয়ে পালিয়ে যায়।