জগন্নাথপুর ও চৌদ্দগ্রামে দুই নারী খুন
পূর্ববিরোধের জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গতকাল শুক্রবার এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গত বৃহস্পতিবার এক গৃহবধূকে হত্যার পর আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
এলাকার অনেকে ও জগন্নাথপুর থানার পুলিশ জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের ফরিদপুর গ্রামের প্রবাসী আবদুল কাদির (রশিক মিয়া) ও তাঁর ভাই আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি কাদির তাঁর স্ত্রী, সন্তান নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। গতকাল দুপুরে কাদিরের স্ত্রী রেহেলা বেগম (৩৮) পুকুরঘাটে যাচ্ছিলেন। এ সময় আশিক মিয়ার ছেলে শামিম, রুহেল, সেলিম ও সোহেল তাঁকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
চৌদ্দগ্রাম থানার পুলিশ ও নিহত গৃহবধূর পরিবারের বিবরণ অনুযায়ী, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজী গ্রামের বতু মিয়ার ছেলে রাজমিস্ত্রি শহিদ উল্লাহর সঙ্গে সাত-আট বছর আগে নাঙ্গলকোট উপজেলার বাগরা গ্রামের আবদুল গফুরের মেয়ে জেসমিন আক্তারের (৩২) বিয়ে হয়। বিয়ের সময় জেসমিনের বাবা মেয়েকে স্বর্ণালংকার ও আসবাব এবং শহিদকে এক লাখ ৬০ হাজার টাকা দেন। কিন্তু বেশ কিছুদিন ধরে শহিদ পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ কারণে ছয় মাস ধরে বিভিন্ন অজুহাতে জেসমিনকে শহিদ শারীরিকভাবে নির্যাতন করছিলেন। বৃহস্পতিবার রাতে পরকীয়া নিয়ে শহিদের সঙ্গে জেসমিনের বাগিবতণ্ডা হয়।
এ সময় লাঠি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে জেসমিনকে হত্যা করেন শহিদ। হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে গভীর রাতে বাড়ির প্রায় ২০০ গজ দূরে পুকুর পাড়ে জেসমিনের লাশ নিয়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন শহিদ।
ঘটনার পর থেকে শহিদ ও স্বজনেরা পলাতক রয়েছেন। ভোরে এলাকাবাসী জেসমিনের অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। থানার পরিদর্শক আকুল বিশ্বাস ও উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। ওসি ইসমাইল মিয়া জানান, আজ শনিবার ময়নাতদন্তের জন্য জেসমিনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।