সুনামগঞ্জের জগন্নাথপুর শহর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই প্রবাসীর বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় নারীসহ আহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া মাধবপুর সড়কেও ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের কবলে পড়েন প্রথম আলোর মাধবপুর প্রতিনিধি জামাল মো. আবু নাসের। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ল্যাপটপ ও মোটরসাইকেলের ক্ষতি হলেও তিনি দ্রুত গতিতে চালিয়ে রক্ষা পান।জগন্নাথপুর পৌরসভার বাসিন্দারা জানান, পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের মখলিছ মিয়ার ছেলে প্রবাসী ছালিক মিয়ার বাড়িতে সোমবার রাত দুইটার দিকে ১০-১৫ জনের অস্ত্রধারী ডাকাত হানা দেয়। তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা মখলিছ মিয়া (৬৫), তাঁর স্ত্রী রংফুল বিবি (৫৫), ছেলে সুজা মিয়া (৪০) ও মতিউর রহমান (৩৫) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জগন্নাথপুর থানার ওসি অহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাধবপুরের বুল্লা ইউনিয়নের মাঝিশাইল গ্রামবাসী জানান, গ্রামে হারুনুর রশিদ নামের এক প্রবাসীর বাড়িতে একদল ডাকাত ঢুকে তাঁর (প্রবাসী) ভাইকে মারধর করে আহত করে ফেলে রেখে লুটপাট চালায়। তারা ৫০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সোমবার রাত নয়টার দিকে ইউনিয়নের আন্দিউড়া-বানেশ্বর সড়কে মোটরসাইকেল দিয়ে বাধা সৃষ্টি করে একটি অটোরিকশায় ডাকাতি করে। রামপুর গ্রামের জামাল মিয়া বলেন, স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতেরা পথ রোধ করে তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা, তিনটি মুঠোফোন লুট করে। উপজেলার ছায়িতাইন ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুসাইন বলেন, ওই রাতে ছাতিয়াইন সড়কে যাতায়াতকারী যানবাহন আটকে রাত ১১টার দিকে নাসিরনগর উপজেলার কয়েকজনের টাকাপয়সা লুট করে ডাকাতেরা। এ ছাড়া, রাত ১০টার দিকে সড়কটিতে ডাকাতদের কবলে পড়েন প্রথম আলোর উপজেলা প্রতিনিধি। ডাকাতেরা মোটরসাইকেল আরোহী প্রতিনিধির গতিরোধ করতে সামনের দিক থেকে দা ছুড়ে মারে। সেটি তাঁর বুকে ল্যাপটপ রাখা ব্যাগে লেগে ছিটকে যায়। এতে ল্যাপটপ, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হলেও তিনি প্রাণে রক্ষা পান। মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিন উদ্দিন বলেন, বানেশ্বর সড়কে ডাকাতেরা যাত্রীবাহী গাড়ির গতি রোধ করে ডাকাতি করে।