জগন্নাথপুরে অধ্যক্ষের অপসারণ দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং ও বখাটেদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তাঁর অপসারণের দাবিতে গতকাল রোববার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে (কলকলিয়া বাজার পয়েন্ট) ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।এদিকে ছাত্রলীগের ব্যানার ছেঁড়ার অভিযোগে কলেজের অধ্যক্ষ এম এ মতিনসহ ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ বলেন, ‘কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলায় আমরা অধ্যক্ষের অপসারণ দাবি করছি।’ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন বলেন, ‘যাঁদের বখাটে বলা হচ্ছে, তাঁরা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মী। ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলায় আমরা আন্দোলনে তাঁদের সঙ্গে রয়েছি।’অধ্যক্ষ এম এ মতিন ছাত্রলীগের ব্যানার ছেঁড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বখাটেদের কোনো দল নেই। তারা দলের নামে বিভ্রান্তি সৃষ্টি করছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন বলেন, ‘ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’