জগন্নাথপুরে অধ্যক্ষের বিরুদ্ধে বখাটেদের মিছিল, সভা
ইভ টিজিং ও বখাটেদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গত শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে মিছিল করেছে একদল বখাটে। এদিকে ওই কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল শনিবার মিছিল করে বখাটেদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।কলেজ সূত্র জানায়, একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ এম এ মতিন মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করা বন্ধে এবং বখাটেদের বিরুদ্ধে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে এক দল চিহ্নিত বখাটে অধ্যক্ষের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করে।ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ছাত্রলীগের নেতা জুয়েল আহমদ, সেজাউল ইসলাম, শিপু, রাসেল, ছাত্রদল নেতা আলী আজগর, ছাদিকুর রহমান, আলীনূর রশীদ প্রমুখ।জুয়েল আহমদ প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ তাঁর বক্তব্যে এলাকাবাসীকে বখাটে বলায় এলাকার যুবকেরা প্রতিবাদ করেছে। যাদের বখাটে বলা হচ্ছে, তারা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মী।নাম প্রকাশে অনিচ্ছুক দ্বাদশ শ্রেণীর এক ছাত্র জানায়, ‘বখাটেরা কলেজের শিক্ষার পরিবেশ ধ্বংস করতে চায়। আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাই।’অধ্যক্ষ এম এ মতিন বলেন, ‘বখাটেদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমার বিরুদ্ধে মিছিল হলে চাকরি করব কীভাবে। তারা (বখাটেরা) মুঠোফোনে আমাকে হুমকি দিয়ে গালিগালাজ করেছে। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েছি।’জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিৎ সিংহ বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বখাটেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’