জগন্নাথপুরে কৃষকদের বিক্ষোভ, ইউএনও কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর রক্ষা বেড়িবাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় কৃষকেরা গতকাল রোববার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও বেড়িবাঁধ নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহন কনস্ট্রাকশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ সভা ও ইউএনওর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন।উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা গতকাল সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা প্রায় ৩০ মিনিট ইউএনওর কার্যালয় ঘেরাও করে রাখেন। পরে তাঁরা স্থানীয় পাউবোর কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে বাঁধের নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ আনেন এবং তাঁদের শাস্তির দাবিতে মিছিল করেন। এরপর তাঁরা স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হন। এতে বক্তব্য দেন আজিজুস সামাদ, ছালিক আহমদ, সেলিম মিয়া প্রমুখ। বিকেলে পৌরসভা কার্যালয়ে কৃষকদের পক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদীর আহমদ কৃষকদের পক্ষে আট দফা দাবি উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনের আগে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান, আজিজুস সামাদ, পৌর মেয়র আবদুল মনাফ, আবদুল হান্নান, শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় পানি উন্নয়ন বোর্ডের পরিচালক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিত্ সিংহ জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি-দাওয়ার কথা তিনি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানিয়েছেন।