ছয় বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল গতকাল রোববার। কিন্তু জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাওয়াত না দেওয়ায় স্থানীয় নেতাদের চাপে বাধ্য হয়ে সেই সম্মেলন স্থগিত করেছেন ছাত্রলীগের নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। সম্মেলনের উদ্বোধক হিসেবে রাখা হয় জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীকে। কিন্তু শনিবার উপজেলায় প্রচার হয়, সম্মেলনে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা উপস্থিত থাকবেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল হুদা ক্ষুব্ধ হন। কিছুদিন ধরে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ওই সাংসদদের দ্বন্দ্ব চলছে। জেলার নেতারা সম্মেলন স্থগিত করার জন্য উপজেলার নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে উপজেলা ছাত্রলীগের নেতাদের সম্মেলন স্থগিত করার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে বাধ্য হয়ে সম্মেলন স্থগিত করেন তাঁরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান জানান, শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের নেতারা তাঁদের ডেকে বলেন, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সম্মেলনের দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ। তাই সম্মেলন স্থগিত করতে হবে। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্বের কারণেই উপজেলা ছাত্রলীগের সম্মেলন স্থগিত করতে হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। তাই আওয়ামী লীগকে দাওয়াত না দিয়ে ছাত্রলীগের সম্মেলন হতে পারে না—এই উপলব্ধি থেকে স্থানীয় নেতারা ছাত্রলীগের সম্মেলন স্থগিত করেছেন বলে শুনেছি।’