জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বেতাউকা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেতাউকা গ্রামের এলাইছ মিয়াকে একই গ্রামের নূরুল হক তিন হাজার টাকা ধার দেন। গতকাল দুপুর একটার দিকে ওই পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের সমর্থকেরা বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে চারজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন নূরুল হক (৩৮), ইদ্রিছ উল্যা (৪৫), আবদুল কাদির (৬০) ও মাহিনুর রহমান (২৬)। এ ছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দুধু মিয়া (৬৫), সোহাগ মিয়া (১৬), গুলজার মিয়া (৩০) ও ফিরোজ মিয়া (২৩)।