জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোণা গ্রামে গতকাল বুধবার পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।এলাকাবাসী জানান, ওই গ্রামের সৈয়দ উকিল আলীর ছেলে নূর আহমদের কাছ থেকে প্রায় তিন মাস আগে ওই গ্রামের কাছু মিয়া ১৫০ টাকা ধার নেন। কয়েক দিন ধরে পাওনা টাকা পরিশোধের জন্য কাছুকে চাপ সৃষ্টি করেন নূর আহমদ। এ নিয়ে গতকাল সকালে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। এর মধ্যে সৈয়দ মস্তাক আহমদ (২৫) ও ছালেহ আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ব্যক্তিরা চিকিৎসা নিয়েছেন।জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নাজিমউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।